পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিড ডে মিল পরিদর্শন করলেন বিধায়ক শীতল কপাট
ঘাটাল: ছাত্রছাত্রীদের পুষ্টির মান এবং স্কুলগুলিতে পঠনপঠন ও মিড ডে মিলের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নেমেছেন জনপ্রতিনিধিরা। এরই ধারাবাহিকতায় পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঘাটাল বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান ঘাটালে বিধায়ক শীতল কপাট।
এদিন তিনি স্কুল চত্বরে পৌঁছে সরাসরি মিড ডে মিল রান্নার ঘর থেকে শুরু করে পরিবেশন ব্যবস্থার ওপর বিশেষ নজর দেন। খাবারের মান কেমন হচ্ছে, পুষ্টিকর উপাদান ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা এবং রান্নাঘরের পরিচ্ছন্নতা বজায় রয়েছে কি না, সে বিষয়েও তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের সঙ্গেও সময় কাটান বিধায়ক। মিড ডে মিলের গুণগত মান যাতে সর্বদা বজায় থাকে এবং পড়ুয়ারা যাতে কোনো সমস্যায় না পড়ে, সে বিষয়ে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিধায়কের এই আকস্মিক স্কুল পরিদর্শনে বিদ্যালয় চত্বরে ইতিবাচক সাড়া ফেলেছে।