জনতার দরবারে অভিযোগ জানিয়ে হল বিদ্যুৎ সংযোগ, খুশি আদিবাসী পরিবার
ঘাটাল: দীর্ঘদিনের সমস্যার অবসান। অবশেষে জনতার দরবারে অভিযোগ জানানোর সুফল পেলেন ঘাটাল পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্দিপুরের একটি আদিবাসী পরিবার। প্রশাসনের হস্তক্ষেপে বাড়িতে পৌঁছাল বহুকাঙ্ক্ষিত বিদ্যুৎ সংযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই পরিবারটি বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছিল। বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সুরাহা মেলেনি। পরবর্তীতে সাধারণ মানুষের সুবিধার্থে আয়োজিত ‘জনতার দরবার’-এ সরাসরি নিজেদের সমস্যার কথা তুলে ধরে আবেদন জানান তাঁরা।
অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ওই আদিবাসী পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। দীর্ঘদিনের অন্ধকার দূর হওয়ায় এবং বিদ্যুৎ সংযোগ পেয়ে স্বাভাবিকভাবেই দারুণ খুশি ওই পরিবারটির সদস্যরা। প্রশাসনের এই ইতিবাচক পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীও।