সেভ লাইফ, সেভ ড্রাইভ! পথ নিরাপত্তায় পুলিশ ও ছাত্রছাত্রীদের যৌথ উদ্যোগ বেলদায়
বেলদা: পথ দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে বেলদা থানার উদ্যোগে আয়োজিত হলো বিশেষ 'পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬'-এর বর্ণাঢ্য সচেতনতা পদযাত্রা। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশনায় আয়োজিত এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে পা মেলাল বেলদার সাধারণ মানুষ, পুলিশ প্রশাসন এবং শহরের বিশিষ্ট স্কুলগুলির ছাত্রছাত্রীরা।
বহু পড়ুয়ার অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে বেলদা শহরের রাজপথ। তাদের হাতে ছিল "বিনা হেলমেটে বাইক চালাবেন না", "নিয়ম মেনে চলুন, নিরাপদে ফিরুন"-এর মতো জীবনমুখী নানা সচেতনতামূলক পোস্টার ও প্ল্যাকার্ড।
এদিনের কর্মসূচিতে বেলদা থানার পুলিশ আধিকারিক ও কর্মীন্দু বৃন্দ, সিভিক ভলান্টিয়ার বাহিনী ছাড়াও বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ ও বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। বাইক চালক থেকে শুরু করে পথচলতি মানুষদের হেলমেট পরা ও ট্রাফিক নিয়ম পালনের অনুরোধ জানানো হয়। পুলিশের সঙ্গে পড়ুয়াদের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।